ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সাত লাখের বেশি বই থাকলেও শিক্ষার্থীরা সরাসরি র্যাক থেকে বই বেছে নেওয়ার সুযোগ পান না। বই পেতে হলে স্লিপে নাম লিখে দিতে হয়, পরে লাইব্রেরিয়ান বই এনে দেন। এই ‘ক্লোজড অ্যাক্সেস’ পদ্ধতির কারণে অনেক শিক্ষার্থী গ্রন্থাগার ব্যবহার থেকে বিরত থাকছেন এবং বিভাগীয় লাইব্রেরি বা বাইরের পাঠাগারে নির্ভর করছেন।
গ্রন্থাগার কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই নিয়ম প্রয়োজনীয়। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক জানান, দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চালু রয়েছে এবং জনবল সংকটও রয়েছে। তবে ভবিষ্যতে আংশিকভাবে ‘ওপেন অ্যাক্সেস’ চালুর পরিকল্পনা রয়েছে এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রন্থাগারকে আরও শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
আইআইটি অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক ড. মোসাদ্দেক কামাল তুষার বর্তমান পদ্ধতিকে সেকেলে ও বেমানান বলে মন্তব্য করেছেন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং আধুনিক গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।