বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রথমবারের মতো ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কাজ এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হয়েছে। পরীক্ষামূলক সরবরাহে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয় এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে বলে তিনি জানান। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট ছিল, যার ফলে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন এবং মন্ত্রী সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।