ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরার প্রতিবেদক কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আশাবাদী বক্তব্য দিচ্ছেন এবং দাবি করছেন যে সেখানে নৌচলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তার বক্তব্যের সঙ্গে মিলছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ, যেখানে ইরান একতরফাভাবে যাতায়াতের খরচ, রুট নির্ধারণ বা জাহাজে হামলার সিদ্ধান্ত নিতে পারে না। ওয়াশিংটন ইরানকে এই অবস্থান প্রকাশ্যে স্বীকার করতে বলেছিল এবং তা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। ইরান সেই দাবি উপেক্ষা করলে যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা।
হ্যালকেটের মতে, ট্রাম্প এখন এক ধরনের সংকটে আছেন। তিনি পরিস্থিতিকে স্থিতিশীল দেখাতে চাইলেও যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই নিজেদের অবস্থানে অনড় থাকায় উত্তেজনা আরও বাড়ছে।