জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর মন্তব্যে অনেকেই আপত্তি জানিয়েছেন, যদিও তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলেননি। কেউ আহত হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানান।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলো জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানালেও তা করা হয়নি কেন। তিনি জানতে চান, এমন পরিস্থিতিতে পরীক্ষা পেছাতে কী ধরনের সমস্যা ছিল।
মন্ত্রী জানান, সারা দেশের ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা পর্যায়ক্রমে স্থগিত করা হয়েছে।