Web Analytics
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ জানিয়েছে, টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য শিগগিরই নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে। শনিবার বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

বিটিএমএ বলেছে, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত পরস্পরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার ধারাবাহিকতায় বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই খাতের সর্বশেষ মজুরি কাঠামো ২০২৪ সালে ঘোষণা করা হয় এবং তা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। নতুন মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিটিএমএ। সংগঠনটি শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই ভারসাম্যপূর্ণ কাঠামো প্রণয়নে সহযোগিতা চেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।