ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন। আগামী শুক্রবার তিনি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের আগে প্রাক-খুতবায় ইসলামি চিন্তা, সমকালীন মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা ও উম্মাহর ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবেন।
সফরের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সম্মেলন ইসলামী চিন্তা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম সফরকালে তিনি হাটহাজারী ও পটিয়ার শীর্ষ মাদ্রাসা পরিদর্শন করবেন বলে জানা গেছে।