পিরোজপুরের ব্রাহ্মণকাঠি এলাকায় কুয়েত প্রবাসী মিক্সন শেখের বাড়িতে মঙ্গলবার ভোররাতে আট সদস্যের একটি ডাকাত দল ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। তারা রান্নাঘর ও ভবনের দুই পাশের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে মিক্সনের ছোট ভাই এমরানকে জিম্মি করে।
মিক্সন শেখের স্ত্রী সেলিনা বেগম ও ভাই এমরান জানান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা এমরানের কক্ষে ঢুকে তার হাত-পা বেঁধে ফেলে। পরে লকার ভেঙে দুটি সোনার চেইন, একটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যায়। সেলিনা বেগমের কক্ষের দরজা ভাঙার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়।
ঘরের ভেতরের ডাকচিৎকার শুনে প্রতিবেশী রেহানা বেগম এগিয়ে গেলে ডাকাতরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে বলে জানানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।