ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি বলেছেন, ইরানি বাহিনী দক্ষিণ ইরানের জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটতে বাধ্য করেছে এবং শিগগির আরব সাগর থেকেও তাদের সরিয়ে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেক্রেড ডিফেন্স উইক উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ইরান-ইরাক যুদ্ধের স্মরণে ইরান প্রতিবছর সেক্রেড ডিফেন্স উইক পালন করে। আয়োজনে ২০২৪ সালে নিহত হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর হত্যার বার্ষিকীও স্মরণ করা হয়। খামেনি বলেন, ইরানের ‘বীর যোদ্ধা’ এবং হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর হামলায় শত্রুপক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
তার দাবি, এই ক্ষতির কারণে শত্রু বাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে আরব সাগরের দিকে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরানি যোদ্ধা ও হরমুজ প্রণালির রক্ষকদের হাতে কঠিন আঘাত পাওয়ার পর তারা আরব সাগরের বাইরে যাওয়ার সাহস করছে না। ইরানের বিরুদ্ধে আরও এগোনোর প্রতিটি চেষ্টা তাদের নিজেদের ক্ষতি ডেকে এনেছে বলেও তিনি দাবি করেন।