আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে বাড়তে থাকা দূরত্ব যদি সংঘাতে রূপ নেয়, তবে তা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে লাভবান করবে। শুক্রবার (১৫ মে) চট্টগ্রামে মহানগর এবি পার্টির সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ২০০১ সালে তারা পুনরায় জোটবদ্ধ হলেও বর্তমানে আবারও মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। মঞ্জু সতর্ক করেন, এই সংঘাত ও ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিতে পারে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের পুরনো প্রবণতা ফিরে আসছে। একই সঙ্গে তিনি স্বাধীন বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার আহ্বান জানান, অন্যথায় ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেন।