নির্ধারিত সময়ের মধ্যে কাজ যথাযথভাবে শেষ করে কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করতে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রথম ধাপের গবেষণা উপপ্রকল্প পুনর্মূল্যায়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগে উপপ্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন-সংক্রান্ত সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে। গবেষণার গুণগত মান এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও এর লক্ষ্য।
রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় চলমান ছয়টি গবেষণা উপপ্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ বিষয়ে কথা বলেন। বৃহস্পতিবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কোনো প্রকল্পে অস্পষ্টতা, বাস্তবায়ন জটিলতা বা পরিকল্পনার ঘাটতি থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও গবেষকদের সঙ্গে আলোচনা করে পুনর্নকশা, বাজেট যৌক্তিকীকরণ, উপকরণ নির্ধারণ এবং কাজের পরিধি ও সময়সীমা পুনর্বিন্যাসে সহায়তা করা হবে।
চেয়ারম্যান বলেন, হিটের এটিএফ কম্পোনেন্টের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপপ্রকল্প পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। সমস্যার ক্ষেত্রে শুধু প্রধান গবেষককে দায়ী না করে ইউজিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে কারণ চিহ্নিত ও সমাধানে এগোতে হবে। সভায় ইউজিসি, হিট প্রকল্প ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপাচার্য এবং প্রধান গবেষকেরা উপস্থিত ছিলেন।