চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে নতুন আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হাইকোর্টের কোনো স্বাক্ষরিত আদেশ ছাড়াই কেবল টেলিভিশনের স্ক্রল দেখে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেন। আইনজীবীরা বলছেন, স্বাক্ষরহীন আদালতের আদেশ কার্যকর নয় এবং এটি নির্বাচন কমিশনের (ইসি) বিধি ও বিচার প্রক্রিয়ার মৌলিক নীতির লঙ্ঘন।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরে হাইকোর্ট মৌখিকভাবে ইসির সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন, কিন্তু তখনো লিখিত আদেশ প্রকাশ হয়নি। এর মধ্যেই চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রতীক বরাদ্দ দেন বলে অভিযোগ ওঠে। ইসি সূত্র জানায়, তারা এখনো কোনো অফিসিয়াল নথি পায়নি এবং টিভি দেখে প্রতীক বরাদ্দ দেওয়া নিয়মবহির্ভূত। বিষয়টি এখন আপিল বিভাগে ‘সিভিল মিসেলিনিয়াস পিটিশন নং ৮২/২০২৬’-এর মাধ্যমে বিচারাধীন।
স্থানীয় রাজনৈতিক মহলে জেলা প্রশাসকের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবীরা মনে করছেন, এমন পদক্ষেপ প্রশাসনিক নিরপেক্ষতা ও প্রার্থীদের সমান সুযোগের নীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।