বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজযাত্রীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা রাষ্ট্রের কর্মচারীদের নৈতিক দায়িত্ব।
বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক অবস্থা সরেজমিনে দেখার আশাবাদ ব্যক্ত করেন। সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।