আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ট্রান্সজেন্ডার বিষয়ে প্রচার-প্রচারণা বাড়ানোর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আহ্বানে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের প্রচার ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী।
রাব্বানী বলেন, নারী ও পুরুষের সৃষ্টিগত পরিচয় আল্লাহর নির্ধারিত বিধানের অংশ। নারী বা পুরুষ হিসেবে জন্ম নেওয়া কারও লিঙ্গপরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার ও হরমোন প্রয়োগে শারীরিক পরিবর্তন ইসলামী শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। তিনি আরও বলেন, ইসলাম প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষার শিক্ষা দিলেও মানবিকতার নামে শরিয়তবিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, শিক্ষাব্যবস্থাকে এ ধরনের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে নতুন প্রজন্মের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। মাওলানা রাব্বানী শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় ইসলামী আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।