বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার দাবিতে ৫ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর মধ্যে রয়েছে ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান; ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা; ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে অনুরূপ কর্মসূচি।
১ আগস্ট সারা দেশে গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও মিছিলে অংশ নেবে জামায়াত। মহিলা, ছাত্র ও জুলাই যোদ্ধাদের ফোরামের কর্মসূচিতেও নেতারা অংশ নেবেন।