জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস অবৈধভাবে অবস্থানরত এবং দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া অভিবাসীদের জন্য রুয়ান্ডায় একটি প্রত্যাবাসন কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে। ২০২৭ সালে কেন্দ্রটি চালুর কথা রয়েছে। সোমবার ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকারের পৃথক বিবৃতিতে উদ্যোগটির কথা জানানো হয়। আইনি উপায়ে পাঁচ দেশে থাকার সব সুযোগ শেষ হওয়া ব্যক্তিদেরই এ কর্মসূচির আওতায় আনা হতে পারে।
রুয়ান্ডায় পৌঁছে অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হয়ে বসবাস অথবা নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প পাবেন। সেখানে বসবাস বেছে নিলে আবাসনের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি সুবিধার সুযোগ থাকবে। নেদারল্যান্ডস বলেছে, প্রাথমিক পর্যায়ে শুধু একক প্রাপ্তবয়স্ক পুরুষদের পাঠানো হবে; কোনো অপ্রাপ্তবয়স্ক বা অভিভাবকহীন শিশুকে পাঠানো হবে না। কূটনৈতিক সূত্রের মতে, পরীক্ষামূলক কেন্দ্রে প্রায় ১০০ জনকে রাখা হতে পারে।
পাঁচ দেশের দাবি, ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই পরিকল্পনাটি নেওয়া হয়েছে এবং এর লক্ষ্য আশ্রয়ব্যবস্থার চাপ ও মানবপাচারকারীদের কার্যক্রম কমানো। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ উদ্যোগকে অমানবিক ও সমাধান নয় বলে সমালোচনা করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে, আর ইইউর মৌলিক অধিকার সংস্থা বলেছে, তৃতীয় দেশে এমন কেন্দ্র পরিচালনায় মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।