চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এমন অভিযোগে ৩০০ বস্তা বা ১৫ টন ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযানে ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ যৌথভাবে সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছিল। ‘ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১’ নম্বরের ট্রাকে তল্লাশি চালিয়ে সার উদ্ধার করা হয়। সারগুলো নরসিংদীর ঘোড়াশাল থেকে আনা হয়েছিল। জব্দ সারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি পাচারকারীরা মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। এর আগে একই স্থানে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছিল। শিল্প পুলিশ সারবোঝাই ট্রাক আটকের পর জোরারগঞ্জ থানাকে জানায়; পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক ও সার জব্দ করে। আটক চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।