বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন ব্যবস্থাপনায় বাংলাদেশকে বৈশ্বিক ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ভূমিকম্প উদ্ধার অভিযান, আগাম সতর্কবার্তা ব্যবস্থা এবং উদ্ধার কেন্দ্র নির্মাণের মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে আরও সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। মাইকেল মিলার বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু ইইউকে বিভিন্ন দুর্যোগ ও উন্নয়ন খাতে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে ইইউর কূটনৈতিক সহায়তা কামনা করেন। বৈঠকে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন ও সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।