নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বছর, ১৮ মাস ও ছয় বছর বয়সি তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার, ১২ আগস্ট দুপুরে কলমাকান্দার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি ও পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এবং পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলো কালাইকান্দির মোয়াজ, শুনই গ্রামের তাসকিন তারেক এবং জামুদ গ্রামের সুমন মিয়া।
দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে মোয়াজ পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে যায় তাসকিন। পরিবারের সদস্যরা তাকে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামুদ গ্রামে সমবয়সি শিশুদের সঙ্গে খেলতে থাকা সুমন বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায় বলে পরিবার জানিয়েছে। পরে এক শিশুর তথ্যের ভিত্তিতে খোঁজ করে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন, তবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই থানার পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।