রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর নেতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপ’-এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন নিহত হয়। ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্র হাতে দুই দল একে অপরকে ধাওয়া করছে।
পুলিশের তথ্যমতে, এলেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানানো হয়েছে।