Web Analytics
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে ফাতেহা পাঠ করা হয়।

সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর স্মারক বক্তৃতা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সালেকীন।

উপাচার্য বলেন, নজরুলের জীবন ও সাহিত্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বৈষম্য, অনাচার, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়। তিনি সাম্য, সৌহার্দ্য, শান্তি ও ঐক্যের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে কবির নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন। সকালে বাদ ফজর কেন্দ্রীয় মসজিদে কোরআনখানিরও আয়োজন করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।