পহেলা বৈশাখকে সামনে রেখে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার অপশন সফটওয়্যারে সক্রিয় করা হয়েছে, ফলে অনলাইনে বিল জমা দেওয়া সম্ভব হচ্ছে। এতে উৎসবের আগে ভাতা পাওয়া নিয়ে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর অনিশ্চয়তা দূর হয়েছে।
মাউশির ইএমআইএস সেল জানিয়েছে, কারিগরি জটিলতা এড়িয়ে নির্ধারিত সময়ে সবাই যেন অর্থ পান, তা নিশ্চিত করতে আগেভাগেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন দ্রুত বিল জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভাতা প্রদানে বিলম্ব না হয়।
অন্যদিকে, বৈশাখী ভাতার প্রক্রিয়া এগোলেও মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। বুধবার থেকে বেতন বিল জমা নেওয়া শুরু হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। যাচাই-বাছাই শেষে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।