দক্ষিণ লেবাননের স্থানীয় বাসিন্দাদের নিজ গ্রামে ফিরতে আবারও সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, বিশাল এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি ‘হলুদ রেখা’ স্থাপন করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি বলেছেন, লিতানি নদী, ওয়াদি সালহানিয়া ও সালুকি এলাকায় প্রবেশ নিষিদ্ধ। তিনি এমন বহু গ্রামের তালিকা দিয়েছেন, যেখানে বাসিন্দাদের ফিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস) তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে আটক নাবিকদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। আইসিএস-এর মেরিন ডিরেক্টর জন স্টাউপার্ট আল জাজিরাকে বলেন, নাবিকদের নিপীড়ন ছাড়াই অবাধে কাজ ও যাতায়াতের সুযোগ দিতে হবে।
বিশ্বের প্রায় ৮০ শতাংশ বাণিজ্যিক জাহাজের প্রতিনিধিত্বকারী এই সংস্থা জানায়, নাবিকরা নির্দোষ এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।