শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন। ঈদুল ফিতরের ছুটি শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস প্রদান করা হবে। পাশাপাশি এক বছরের মধ্যে সব শিক্ষককে ট্যাব সরবরাহের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৈঠকে মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ২০২৬–২০২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয়। মন্ত্রী নির্বাচনি অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়া শহিদ ও আহত শিক্ষার্থী যোদ্ধাদের সন্তানদের জন্য অবৈতনিক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ত্বরান্বিতকরণ, উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড এবং প্রতিটি প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।