ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.-তে একটি সামরিক ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা গেছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বসবাস করেন। গত ১০ দিনের মধ্যে অন্তত এক রাতে এসব ড্রোন দেখা যায়, যা তাৎক্ষণিক নিরাপত্তা পর্যালোচনার কারণ হয়ে দাঁড়ায়। সরকার নিরাপত্তাজনিত কারণে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে এবং হোয়াইট হাউসে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলোর উৎস এখনো শনাক্ত করা যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে, যার ফলে মার্কিন সামরিক বাহিনী ঘাঁটিগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে। পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনকে নিরাপত্তা মূল্যায়নের নির্দেশ দিয়েছে।
ফোর্ট ম্যাকনায়ার ঘাঁটির ওপর ড্রোনের উপস্থিতি এতটাই গুরুতর ছিল যে রুবিও ও হেগসেথকে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে, যদিও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।