দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। ইয়োনহাপ বার্তা সংস্থার বরাতে তিনি সিউলে রাজনৈতিক নেতাদের জানান, ইরানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি গতকাল থেকে যাত্রা শুরু করেছে। এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণালিটি পার হচ্ছে।
চো আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম দক্ষিণ কোরিয়া নিয়ন্ত্রিত জাহাজ, যা এই প্রণালিটি অতিক্রম করছে। প্রায় দুই সপ্তাহ আগে একই এলাকায় দক্ষিণ কোরিয়া পরিচালিত ‘এইচএমএম নামু’ নামের একটি জাহাজ দুটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একজন ক্রু সদস্য সামান্য আহত হন।
ইরানের সঙ্গে এই সমন্বয় দক্ষিণ কোরিয়ার জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে নৌ নিরাপত্তা নিশ্চিত করার একটি সতর্ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।