বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ার পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল।
বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গড়িয়ারপাড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় অনেক যাত্রীকে উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।
নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক, বয়স ৭০ বছর। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ও ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।