ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডকে বিশ্বের বিবেকের জন্য গুরুতর কলঙ্ক বলেছেন। লেবার পার্টির বার্ষিক সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন ও সহিংসতার কোনো গ্রহণযোগ্যতা নেই। ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে জনমনে তৈরি ক্ষোভকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মিলিব্যান্ড বলেন, লেবার পার্টির নতুন নীতিতে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আরও স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থেকে অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি বন্ধ এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহযোগিতা প্রত্যাহারের মতো কঠোর অবস্থান নেওয়া হতে পারে।
তিনি স্পষ্ট করেন, এই অবস্থান সাধারণ ইসরাইলি জনগণের বিরুদ্ধে নয়, বরং ইসরাইল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধের যেকোনো উদ্যোগ প্রতিহত করার প্রতিশ্রুতিও দেন তিনি। মিলিব্যান্ড অন্যায়ের সামনে নীরব না থাকার আহ্বান জানান এবং জলবায়ু, নিরাপত্তা ও বাণিজ্যে ব্রিটিশ স্বার্থ রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা বলেন।