প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণে সবার দায়িত্ব আছে এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব। তিনি ঢাকা ও বিভিন্ন জেলা শহর, উপজেলা এবং কিছু গ্রামাঞ্চলের বাজার, ঘাট ও ব্যস্ত সড়কের আশপাশে ছড়িয়ে থাকা আবর্জনার প্রসঙ্গ তুলে ধরেন।
তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ব্যবহৃত টিস্যু, চিপসের প্যাকেট, রান্নার তেলের প্লাস্টিক বোতল ও পানির বোতলসহ নানা বর্জ্য যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, ঘরের চারপাশে এমন আবর্জনা থাকলে যেমন কারও ভালো লাগবে না, তেমনি দেশও পরিষ্কার রাখা প্রয়োজন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ দেশ ও পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।