যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দ্রুত ড্রোন সক্ষমতা বাড়াতে ‘ড্রোন ডমিন্যান্স’ নামে ১৮ মাস মেয়াদি একটি প্রতিযোগিতা শুরু করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কম খরচের যুদ্ধবিমান তৈরিতে সম্ভাবনাময় নির্মাতাদের খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতে ছোট ও সস্তা ড্রোনের কার্যকারিতা স্পষ্ট হয়ে ওঠার পর পেন্টাগন এই পদক্ষেপ নেয়।
প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কোম্পানির পাশাপাশি নতুন স্টার্টআপগুলোকেও অংশ নিতে দেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকের প্রতিষ্ঠাতা ড্রোন রেসার ও শৌখিন চালক। বিজয়ী কোম্পানিগুলো ১ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় সর্বোচ্চ ৩০ লাখ ড্রোন তৈরি করতে পারবে। প্রতিটি ড্রোনের খরচ প্রায় ৫ হাজার ডলার এবং এগুলো একবার ব্যবহারের উপযোগী। জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে ২৬টি কোম্পানি অংশ নেয়, যেখানে ব্রিটিশ প্রতিষ্ঠান স্কাইকাটার সেরা পারফর্মার হয়।
পেন্টাগনের কর্মকর্তারা মনে করেন, ভবিষ্যতের যুদ্ধ সাশ্রয়ী মূল্যের ড্রোনের ঝাঁকের ওপর নির্ভর করবে এবং এই উদ্যোগ দ্রুত উদ্ভাবনকে উৎসাহিত করবে।