গত আগস্টের ভয়াবহ বন্যার পর নেপালের পুনর্গঠনে ভারত ১৬২ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে ভারতে গেলে এই ঘোষণা আসে। দুর্যোগের পর ভারত ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করেছিল।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, পুনর্গঠনে দেশটির প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন। ভারতের প্রতিশ্রুত অর্থ এখন পর্যন্ত নেপালের পাওয়া সবচেয়ে বড় সহায়তা। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে নেপালকে ভারতের আর্থিক সহায়তা চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল। চীনও নগদ অর্থ, ত্রাণসামগ্রী ও বিশেষজ্ঞ সহায়তা পাঠিয়েছে এবং বলেছে, তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে মোকাবিলার উদ্দেশ্যে নয়।
বিশ্লেষকদের মতে, ভারতের লক্ষ্য সরাসরি চীনকে সরিয়ে দেওয়া নয়; বরং চীনের অর্থনৈতিক প্রভাব যেন রাজনৈতিক প্রভাবের হাতিয়ার না হয়, তা নিশ্চিত করা। শাহ ভারতকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী বলেছেন। শিক্ষা ও নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি হয়েছে এবং তিনি নেপালে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।