ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে দেশের আইসিটি খাতের মূলমন্ত্র। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের নির্ধারিত নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।
মন্ত্রী বলেন, আইসিটি একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত এবং সরকারের অগ্রাধিকার হলো দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ ও সাধারণ মানুষের জন্য প্রযুক্তি সহজলভ্য করা। তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন সরকার দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়। নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে তাঁর লক্ষ্য।
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বিভাগটি দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে এবং আইসিটি আইন, ডাটা সেন্টার, হাইটেক পার্ক, ডিজিটাল সেবা, স্টার্টআপ, সাইবার নিরাপত্তা ও দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।