নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসলরক্ষা বেড়িবাঁধ থেকে লুট হওয়া কংক্রিটের ব্লক ফেরত দিতে শুরু করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার পর্যন্ত লুট হওয়া ২ হাজার ৬৪৪টি ব্লকের মধ্যে ১ হাজার ৫৭৮টি ফেরত এসেছে বলে নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন। প্রশাসন সময় বেঁধে দিয়ে আইনগত ব্যবস্থার সতর্কতা দেওয়ার পর ব্লক ফেরত শুরু হয়।
গত ১৮ আগস্ট রাতে বাঁধের চিকাডুবি অংশ থেকে স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে ব্লক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরদিন বিষয়টি জানাজানি হলে পানি উন্নয়ন বোর্ড মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিছু ব্লক বিক্রি করা হয় এবং কিছু গবাদিপশুর ঘর, ধানের মাচা, মাটি ক্ষয়রোধ ও অস্থায়ী গোসলের ঘাট তৈরিতে ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে ব্লকের খোঁজ করেছে বলে জানিয়েছে। স্থানীয় সচেতন মহলের উদ্যোগে ব্লক ফিরিয়ে দিতে সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কারও বাড়িতে চুরি যাওয়া ব্লক পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজরিয়া নদীর পানি হাওরে প্রবেশ ঠেকাতে ২৫০ মিটার দীর্ঘ চিকাডুবি বাঁধটি নির্মাণ করা হয়েছিল।