যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, লেবাননে গণহারে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ দিয়ে যুদ্ধাপরাধ করছে ইসরাইলি সেনাবাহিনী। ২০২৬ সালের ১৭ জুন প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দক্ষিণ লেবাননের কিছু অংশে বেসামরিক নাগরিকদের উচ্ছেদ ও তাদের প্রত্যাবর্তনে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনে অবৈধ স্থানান্তরের শামিল।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ নভেম্বরের যুদ্ধবিরতির পর ইসরাইলি সেনাবাহিনী লেবাননের প্রায় ৪ দশমিক ৬ শতাংশ এলাকাকে প্রবেশ-নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৬ সালের ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির তিন দিন পর এই সীমাবদ্ধ এলাকা দেশের প্রায় ৬ শতাংশে সম্প্রসারিত হয় এবং একে ‘ফরওয়ার্ড ডিফেন্স’ জোন হিসেবে চিহ্নিত করা হয়। এতে হাজার হাজার গ্রামবাসীকে নিজ গ্রামে ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়।
লেবাননের কর্মকর্তারা জানান, ২ মার্চ থেকে ইসরাইলের ব্যাপক হামলায় ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।