জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি বাসে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি চালু হয়েছে এবং পরবর্তীতে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
এই সিস্টেমে নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সময় ও বিলম্বের নোটিফিকেশন পাওয়া যাবে। ছাত্রদল নেতারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সময় ব্যবস্থাপনা সহজ করবে এবং যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করবে।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর বলে প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের স্বার্থে এমন কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানান।