২০২৬ সালের ২ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ঐতিহাসিক বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা নদী থেকে উৎপন্ন হয়ে কুশিয়ারা নদীতে মিশে যাওয়া বাসিয়া নদী সিলেটের চারটি উপজেলায় প্রবাহিত। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে নদীটি প্রথম খনন করা হয়। ৪৯ বছর পর পুনরায় এই নদী খননের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, তাই গ্রামীণ জনগণকে স্বাবলম্বী করা সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দেশের মানুষের কাছেই জবাবদিহি করে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী জানান, মোট ৪০ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার নদী পুনঃখনন করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং আরও ১৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন।