যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে নতুন বিমান হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার অস্থির হয়ে উঠেছে। কয়েক সপ্তাহের শান্তির পর এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত দ্রুত শেষ হবে এমন নিশ্চয়তা নেই এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে মূল্যস্ফীতি ও বৈশ্বিক প্রবৃদ্ধি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইরান প্রতিশোধমূলক পদক্ষেপে অনড় এবং কাতার ও সৌদি আরবের মতো প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশে হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাব পড়বে। সাবেক আইএমএফ প্রধান অর্থনীতিবিদ কেনেথ রোগফ বলেছেন, বিশ্ব এখন অত্যন্ত অনিশ্চিত সময়ের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের প্রায় ৩০ শতাংশ তেল ও ১৭ শতাংশ প্রাকৃতিক গ্যাস আসে, যার বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
তেলের দাম এক দিনে ১০ শতাংশের বেশি বেড়ে বাজারের অস্থিরতা প্রকাশ পেয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাত হলে উৎপাদন ব্যয় ও খাদ্যনিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে এবং ইউরোপ ও পূর্ব এশিয়ার আমদানিনির্ভর অর্থনীতিগুলো আরও চাপে পড়তে পারে।