পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চলতি বছরের শুরুতে ইরানের ওপর আগ্রাসন এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এই সংকট থেকে বের হওয়ার একমাত্র টেকসই পথ কূটনীতি।
শাহবাজ শরীফ বলেন, আঞ্চলিক সংকটের কারণে পরিবহনপথ বন্ধ বা বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানসহ বহু দেশ এর নেতিবাচক পরিণতি ভোগ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান শান্তির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে এবং মধ্যস্থতা ও আন্তরিকভাবে সমঝোতা সহজতর করার ভূমিকা অব্যাহত রাখবে।
তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তিকে তিনি প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেন এবং বলেন, এটি কোনো দেশের বিরুদ্ধে নয়। গাজা ও পশ্চিম তীরের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং তাদের সহায়তায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।