চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গোপন আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করেন, শি ইরানকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে সম্মত হয়েছেন এবং চীন এই সিদ্ধান্তে সন্তুষ্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, এটি শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ।
তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এবং যুদ্ধ এখন প্রায় শেষের পথে। ট্রাম্প বলেন, একটি সমঝোতামূলক চুক্তিই সর্বোত্তম বিকল্প এবং ইরান পুনর্গঠনের সুযোগ পেতে পারে। তিনি আরও জানান, ইরানে অস্ত্র না পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি শি জিনপিংকে চিঠি দিয়েছিলেন, যার জবাবে শি জানান, চীন এমন কিছু করছে না।
এদিকে ইসলামাবাদে ব্যর্থ আলোচনার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে গেছেন।