Web Analytics
তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে’র ছেলে লাই টিং-ইউকে চীনের হয়ে নজরদারির অভিযোগে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওয়ানইং ঝাংকে গ্রেপ্তার করেছে এফবিআই। হিদার ঝাং নামেও পরিচিত ওই নারীকে রোববার চীনের উদ্দেশে যাত্রার আগে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। নিবন্ধন না করে বিদেশি এজেন্ট হিসেবে কাজের অভিযোগে সোমবার তাকে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, চীনা কর্মকর্তাদের নির্দেশে ঝাং ২০২৫ সালে সিয়াটলে যান। সেখানে তিনি লাই টিং-ইউ ও তার পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির নম্বরপ্লেটের তথ্য সংগ্রহ করে চীনে পাঠান বলে অভিযোগ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, ঝাং নজরদারি এড়াতে গোপন কৌশল ব্যবহার করেছিলেন।

এসাইলির ভাষ্য, বিদেশি সরকারের হয়ে কাজ করার বিষয়টি মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানো ফেডারেল আইন অনুযায়ী অপরাধ। তাইওয়ানের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি তাইওয়ানকে চীন থেকে পৃথক স্বাধীন দেশ বলে, তবে বেইজিং এটিকে চীনের অংশ মনে করে। যুক্তরাষ্ট্রের তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আত্মরক্ষার সক্ষমতা তৈরিতে প্রয়োজনীয় উপায় দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।