প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর কর্মস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়া বা আত্মগোপনে থাকা সাবেক ও কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠনের তথ্য পাওয়া যায়নি। এতে বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কবীর আহাম্মদ ও হামিদুল হকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, কর্মস্থল ত্যাগের পর কয়েকজনকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশন বলেছে, পতিত সরকারের আমলে সশস্ত্র বাহিনীতে কর্মরত অন্তত ৪০ প্রভাবশালী কর্মকর্তার অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া চলছে। পলাতক সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলেও আইএসপিআর কোনো বক্তব্য দেয়নি।
প্রতিবেদনে উদ্ধৃত আর্মি অ্যাক্ট ১৯৫২ অনুযায়ী, অনুমতি ছাড়া টানা ৬০ দিন দায়িত্বে অনুপস্থিত থাকলে কাউকে পলাতক বা ডেজার্টার হিসেবে গণ্য করা হতে পারে। এতে কোর্ট-মার্শাল, গ্রেপ্তার ও শাস্তির বিধানের কথাও বলা হয়েছে। আইসিটির প্রসিকিউশনের আবেদনের পর পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো।