স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই এবং তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, সরকার আগামী তিন মাসের একটি পরিকল্পনা হাতে নিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানো। তিনি বলেন, গত ১৭ বছরে উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি, যা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে স্পষ্ট হচ্ছে।
মীর শাহে আলম আরও জানান, টাঙ্গাইলের পার্ক বাজার এলাকার রাস্তা ও বাজার উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।