মুন্সীগঞ্জে সোমবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলো ঘটে শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার বেলগাছি এলাকার ট্রাকচালক মোহাম্মদ হোসেন এবং সেনবাগের চাঁদপুর গ্রামের লরির হেলপার অন্তর দাস। পুলিশ জানায়, দুটি দুর্ঘটনাই রাত ২টার দিকে ঘটে।
পুলিশের তথ্যমতে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সেনা ক্যাম্পের সামনে একটি মালবাহী ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দিলে চালক মোহাম্মদ হোসেন ট্রাকের ভেতর আটকা পড়েন। পরে তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি লরি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে হেলপার অন্তর দাস নিহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতদের লাশ সংশ্লিষ্ট হাইওয়ে থানায় রাখা হয়েছে।