মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া ২০২৬’-এ ২৪ জন কৃতী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে শিক্ষা, গবেষণা, নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ উদ্ধৃত বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী, যিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
চারটি বিভাগে মোট ২৪ জনকে সম্মাননা দেওয়া হয়—‘অ্যাকাডেমিক এক্সিলেন্স’-এ ৯ জন, ‘স্টুডেন্ট এক্সিলেন্স’-এ ৯ জন, ‘উইমেন এম্পাওয়ারমেন্ট’-এ ৪ জন এবং ‘কমিউনিটি এনগেজমেন্ট’-এ ২ জন। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।