বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে দলের সব পর্যায়ের জনশক্তিকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর আমির নির্বাচন উপলক্ষে সম্মেলনটি আয়োজন করা হয়।
জুবায়ের বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য। তিনি দলটিকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগরের নতুন আমির নির্বাচিত হবেন। দায়িত্বকে পদমর্যাদা নয়, আমানত আখ্যা দিয়ে তিনি দায়িত্বশীলদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের প্রার্থীদের পক্ষে জনসমর্থন অর্জনে সুপরিকল্পিত কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দেন। তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত রূপরেখা উপস্থাপনের কথাও বলেন। ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিভিন্ন পর্যায়ের রুকনরা উপস্থিত ছিলেন।