ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় থালা বা খদরে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই ফিরে গিয়ে ভাইরাল হওয়া জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার বিয়ে করেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে।
মঙ্গলবার রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ। তিনি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ সম্পন্ন হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করেন। নতুন বিয়েতে বরের বিশেষ খাবারে আস্ত খাসি পরিবেশনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জুনায়েদের ছোট ভাই পারভেজ জানান, দুই পরিবারের সম্মতিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। জান্নাত স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। এর আগে সোমবার আখাউড়া উপজেলার তোলাতালা গ্রামে খদরে খাসি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই ফিরে যান জুনায়েদ; ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।