গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, এ দেশে আর শেখ হাসিনা ফিরে আসবেন না। প্রধান অতিথির বক্তব্যে তিনি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, মালিক-শ্রমিক পক্ষ এবং মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানান।
শিমুল বিশ্বাস বলেন, রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শের কথা স্মরণ করেন। পাশাপাশি মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের কথাও উল্লেখ করেন। সমাবেশে গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমান, হুমায়ুন কবীর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা বক্তব্য দেন।