২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মোট ১০ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সোমবারের প্রজ্ঞাপনে বিষয় বিশেষজ্ঞ আফসানা আইয়ুবসহ আরও নয় কর্মকর্তা বদলি হন। এর আগে রোববার ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের ঘটনায় গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়।
সর্বশেষ প্রজ্ঞাপনে নয় কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে। তাঁদের ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। এনসিটিবি সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস জানান, তাঁর জানামতে নৌকা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে বদলি করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি পরিবর্তন করা হচ্ছে। মাঠপর্যায়ে পাঠানো প্রায় ২০ লাখ কপি বই ফিরিয়ে এনে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে; বইটির প্রায় ৩৮ লাখ কপি ছাপা হচ্ছে। তবে প্রথম ও তৃতীয় শ্রেণির বাংলা এবং দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ে নৌকার ছবি বহাল থাকবে, কারণ সেগুলো মন্ত্রণালয় পর্যায়ের পরিমার্জন কমিটির অনুমোদনে ছাপা ও বিতরণ হয়েছে।