পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে শনিবার, ২১ নভেম্বর, দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থক ও সওদাগরপাড়া এলাকার বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটে।
এর আগে বৃহস্পতিবার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এরপর সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাসভবনে অগ্নিসংযোগ এবং উভয় পক্ষের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সুপার আবু আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।