শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন, বৈরী আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবে। বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। এছাড়া পদার্থ বিজ্ঞান প্রথমপত্রে দুটি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
মন্ত্রী জানান, সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকাসহ দেশের কিছু জেলায়ও কিছু শিক্ষার্থী একই কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা স্থগিত পরীক্ষার তারিখে অংশ নিতে পারবে। শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রে ভুলের দায়ে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।