তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে বাংলাদেশে মানবিক, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে বুয়েট শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে না হয়, সে লক্ষ্যেই সংগ্রামের কারণগুলো দূর করতে হবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার আগে ও পরে বারবার আন্দোলন, সংগ্রাম ও রক্তক্ষয়ের অভিজ্ঞতা প্রমাণ করে যে স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠেনি। শহীদদের স্মরণে গর্ব প্রকাশের পাশাপাশি রাষ্ট্রকে কেন বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা বিশ্লেষণ করে স্থায়ী সমাধান নিশ্চিত করাকে তিনি প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
তিনি সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য, জবাবদিহি এবং সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন। শিক্ষকদের গবেষণা, বিশ্লেষণ ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার আহ্বানও জানান তিনি।